পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি- শেখ হাসিনাসহ ২৬ মামলায় ৩২৮ আসামির বিচার চলছে, তদন্তে আরও ৪৪ মামলা

বিচারাধীন ও তদন্তাধীন মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪৮৮ জন। তাঁদের মধ্যে ১৮৩ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন ৩৫২ জন। পলাতকদের মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে ইতোমধ্যে দণ্ড ঘোষণা করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে এসব বিষয় জানানো হয়।

সাত মামলায় রায়, সর্বোচ্চ সাজা ২৩ আসামির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ তিনটি এবং ট্রাইব্যুনাল-২ চারটি মামলার রায় দিয়েছেন।

দুটি ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার পাশাপাশি বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বিচারকাজে সময় লাগার কারণ জানাল প্রসিকিউশন

তথ্য প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনালের অবকাঠামো ও কার্যক্রম নতুন করে গড়ে তুলতে হয়েছে। এ কারণে তদন্ত ও বিচারকাজে কিছুটা সময় লেগেছে।

তিনি জানান, একটি মামলার বিচার শেষ করতে গড়ে সাত থেকে আট মাস সময় লাগে। তবে মামলাভেদে তদন্তের সময়সীমা ভিন্ন হয়ে থাকে।

গ্রেপ্তার হওয়া কয়েকজন সাবেক মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন পেয়েছে বলেও জানান তিনি। তাঁদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন পাওয়ার পর সেগুলো দাখিল করা হবে।

প্রসিকিউটর তামীম বলেন, প্রসিকিউশন আইনে নির্ধারিত সময় ও প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে। বিচারপ্রক্রিয়ায় উভয় পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি বলেন, তদন্তকারীরা দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করছেন। তবে এ তদন্ত শেষ করতে কত সময় লাগতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ

 

 

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও আনিসুল হকসহ কয়েকটি আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামীম।

তিনি বলেন, মামলাগুলোর অগ্রগতিতে প্রসিকিউশন সন্তুষ্ট। সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এরপরবর্তী কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন