প্রেসক্লাব মাঠে রাতের ফুটবল ঝড়, কুয়াকাটায় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১ অক্টোবর

পর্যটননগরী কুয়াকাটায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে আয়োজিত ‘কুয়াকাটা প্রেসক্লাব নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায়।
কুয়াকাটা প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টে স্থানীয় ৪৩টি দল অংশ নিয়েছে। এতে প্রায় ৩০১ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম. মোশাররফ হোসেন।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ফাইনাল অনুষ্ঠানটি জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি সভা
ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন করতে কুয়াকাটা প্রেসক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ প্রেসক্লাবের সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, খেলোয়াড়দের নিরাপত্তা, মাঠের শৃঙ্খলা, খেলার নিয়ম-কানুন, দর্শক নিয়ন্ত্রণ এবং ফাইনাল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ টুর্নামেন্টের আয়োজন।
নিয়ম ভাঙলে মাঠের বাইরে ২ মিনিট
টুর্নামেন্ট পরিচালনায় নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। কোনো খেলোয়াড় খেলার নিয়ম ভঙ্গ করলে তাকে ২ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ সময়ে তার পরিবর্তে কোনো অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামতে পারবেন না।
চ্যাম্পিয়ন-রানার্সআপের জন্য আকর্ষণীয় পুরস্কার
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি। রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি। পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্টসহ সেরা খেলোয়াড়দের জন্যও থাকছে আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কার।
টুর্নামেন্টের আয়োজক মাসুদ পারভেজ সাগর বলেন, “কুয়াকাটার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুন্দর, সুস্থ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
তিনি টুর্নামেন্টের ফাইনাল সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, ৪৩টি দলের অংশগ্রহণে কুয়াকাটা প্রেসক্লাব নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক, সৃজনশীল ও সুন্দর কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

97

Каким образом интернет-мемы превратились в элементом актуальной массовой культуры Интернет-мемы