জামালপুরে ইয়াবা নিয়ে গ্রেপ্তারের একদিনের মাথায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীন ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, দল কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সোলায়মান ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।
এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান ইসলাম আরেকজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে
