মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষিত খালখনন কর্মসূচিতে বাধা প্রদান ও সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ ও বিভিন্ন অনিয়ম এনে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব-এর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ মে) সকাল ১১টায় ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম সহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, খালখনন কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি কাজে অসহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচিতে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে দাবি করেন। তারা দ্রুত এই ইউএনও’র অপসারণের দাবি জানানোর পাশাপাশি আইনী পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, এই ইউএনও ঈশ্বরদীতে যোগদান করার পর থেকেই তার বিভিন্ন কর্মকান্ডে দলীয় প্রতিচ্ছবি দৃশ্যমান হয়েছে বলে দাবি করেন। ইতিপূর্বে ফেসবুকে ভাইরাল হওয়া রাস্তার কাজের দূর্নীতির কথা উঠে আসলে এই ইউএনও মহোদয় ঐ রাস্তার কাজের ঠিকাদারের পক্ষে পক্ষপাতিত্ব নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে বলে জানা যায়।



