কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ে দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজার রেলপথের বিভিন্ন স্টেশন ঘুরে দেখছেন এবং যাত্রীসেবা, নিরাপত্তা ও অবকাঠামোগত সুবিধা মূল্যায়ন করছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে চকরিয়ায় তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হলে এর কার্যকারিতা, যাত্রীসেবার মান এবং আর্থিক সম্ভাবনা কেমন হবে, সেটিই মূলত যাচাই করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রগুলোও পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, রেলপথ শুধু যোগাযোগের মাধ্যম নয়, পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভূমির অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে রেলপথ-সংলগ্ন এলাকায় সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, দোহাজারী-কক্সবাজার ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণকালে প্রায় ২ লাখ ৪০ হাজার গাছ অপসারণ করা হয়েছিল। এর পরিবর্তে যেসব গাছ রোপণ করা হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নতুন করে কোথায় বৃক্ষরোপণ করা যায়, তাও নির্ধারণ করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চকরিয়াসহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চকরিয়ার যাত্রীরা সহজেই চট্টগ্রামে গিয়ে ঢাকাগামী ট্রেনের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
নিরাপত্তা ও যাত্রীসেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চকরিয়া, ডুলাহাজারা ও হারবাংসহ বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি এবং রেলওয়ে পুলিশের টহল জোরদার করা প্রয়োজন। এসব বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সবুক্তগীন মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, কক্সবাজার রেল প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এরশাদুল হক এবং তমা কনস্ট্রাকশনের প্রকল্প পরিচালক বিমল সাহা, হারবাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সিকদার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজের মাধ্যমে) পরিচালনার সম্ভাব্যতা