ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেলা থেকে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোরে মহাসড়কের উপজেলার কানড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– উপজেলার সরকারপুর গ্রামের প্রয়াত লতু মিয়ার ছেলে বারেক (৪২) ও মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।
আহতরা হলেন– একই এলাকার মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭), মো. সাগর মিয়া (৩৫)।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশা যোগে চালকসহ ৬ জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। উল্টো পথে ওই গাড়ি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, তারা একটা সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে মতলব বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




