কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় মোবারক হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গতকাল মঙ্গবার (২৪ মার্চ) দুপুরের দিকে নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকার কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিস কক্ষ থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার, মোবারক হোসেন উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী গ্রামের চারু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলুবাড়ীকে মাদকমুক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন করে আসছে স্থানীয় যুবসমাজ। এলাকায় মাদকের বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিসের পাশে অবস্থান নেন একদল যুবক। দুপুরের দিকে মোবারক হোসেন মাদক বিক্রির চেষ্টা করলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা যুবকেরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে কুলুবাড়ী সামাজিক সংগঠনের অফিস কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মোবারক হোসেনকে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




