গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ, নীতিগত সম্মতি

গাজীপুরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে CABI অ্যাকাডেমির কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মোঃ সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করতে আন্তর্জাতিক মানের কনটেন্ট, গবেষণাভিত্তিক শিক্ষা ও অনলাইন লার্নিং পদ্ধতির বিকল্প নেই। সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে। পাশাপাশি স্বশিক্ষণ সুবিধা ও আন্তর্জাতিক স্বীকৃত সনদ শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই-এর বৈশ্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে ড. মালভিকা চৌধুরী ডিজিটাল লার্নিং কোর্স নিয়ে একটি উপস্থাপনা দেন। এছাড়া গাকৃবির অর্জন নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ড. মোঃ মাহবুবুর রহমান।
উন্মুক্ত আলোচনায় সিএবিআই-এর কোর্সসমূহ কারিকুলামে অন্তর্ভুক্তির পাশাপাশি গাকৃবির ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআই-এর সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্তি, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদান বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
উল্লেখ্য, CABI একটি আন্তর্জাতিক, আন্তঃসরকারি ও অলাভজনক সংস্থা, যা কৃষি ও পরিবেশ খাতে টেকসই সমাধান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন