গোয়াইনঘাটে সেতু সংকটে দুর্ভোগ: যোগাযোগ বিচ্ছিন্ন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পাটলিকোনা এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতুর অভাবে হাজার হাজার মানুষের যাতায়াত কার্যত ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সেতুটি নির্মাণ না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং অনেক ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটলিকোনা এলাকার এই সড়কটি গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কিন্তু একটি ছোট সেতুর অভাবে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের।

এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে তারা শুধু আশ্বাসই শুনে আসছেন, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়েনি। নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায় না।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাজীবন ভোট দিয়ে গেলাম, কিন্তু আমাদের ভাগ্যে কোনো দৃশ্যমান উন্নয়ন জোটেনি। একটি ছোট ব্রিজ হলে আমাদের কষ্ট অনেকটাই লাঘব হতো।”

এদিকে, এলাকাবাসী মনে করছেন—গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে ছোট ছোট সেতু নির্মাণ করা হলে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরে আসবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। দ্রুত সময়ের মধ্যে পাটলিকোনা এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন