টাঙ্গাইলের ঘাটাইল বাজার রোডের দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কার কাজে পৌরসভার শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক, সাধারণ শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকাল থেকে রাস্তার ভাঙা ও খানাখন্দপূর্ণ অংশে ইট, বালু ও খোয়া ফেলে সংস্কার কাজ শুরু করা হয়। এতে ঘাটাইল উপজেলা রিক্সা-ভ্যান, ইজিবাইক ও মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম রাশনাত করিম কানন ও তার নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজার রোডের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। দ্রুত চলাচল স্বাভাবিক রাখতে তারা নিজ উদ্যোগে সংস্কার কাজে অংশ নিয়েছেন।
শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত রিক্সা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চলাচল করে। রাস্তার খারাপ অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের ক্ষতি হচ্ছে। তাই জনদুর্ভোগ কমাতে তারা পৌরসভার সঙ্গে একযোগে কাজ করছেন।
এসময় স্থানীয় সচেতন মহল বাজার রোডের স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন।




