দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কৃষকদের দক্ষতা বাড়াতে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পানির প্রাপ্যতা ক্রমশ কমে আসছে। এ পরিস্থিতিতে টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তারা কৃষকদের পলিশেডে ফসল উৎপাদনের কৌশল, আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলা, উৎপাদিত ফসলের গুণগত মান বজায় রাখা এবং আয় বৃদ্ধির কার্যকর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
প্রশিক্ষকরা হাতে-কলমে দেখিয়ে দেন কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম পানি খরচে অধিক ফলন নিশ্চিত করা যায়। এতে অংশগ্রহণকারী কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান লাভ করেন।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বাড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




