পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে প্রভাব খাটিয়ে একটি চলাচলের রাস্তা দখল করে অন্তত ১০টি পরিবারকে কার্যত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি হঠাৎ করে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এতে করে ওই এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বের হওয়া, স্কুল-কলেজে যাওয়া এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজ সম্পাদনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে পথটি বন্ধ করে দেন।
অভিযোগকারী নুর ইসলাম, মোঃ ফোরকান আলী, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফাতেমা বেগম, রুপবান বিবি ও কবির হাওলাদারসহ একাধিক ভুক্তভোগী জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি এবং মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




