বৃহস্পতিবার,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকরি নয়, কৃষিতেই স্বপ্ন: পেয়াজের কদম চাষে এগিয়ে দুর্গাপুরের তরুণ সোহাগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা জাহিদ ইসলাম সোহাগ নিজ জমিতে পেয়াজের কদম (বীজ) চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে তিনি পেয়াজের বীজ উৎপাদনে সফল হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলার গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সোহাগ কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে বেছে নিয়েছেন। চলতি মৌসুমে তিনি নিজের জমিতে পেয়াজের কদম চাষ করেছেন। বর্তমানে তার ক্ষেতজুড়ে সাদা ফুলে ভরা পেয়াজের কদম দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করেছে। এই ফুল থেকেই উৎপাদিত হবে উন্নতমানের পেয়াজের বীজ।

কৃষক জাহিদ ইসলাম সোহাগ জানান, বাজারে ভালো মানের পেয়াজের বীজের চাহিদা থাকায় তিনি এই চাষে আগ্রহী হন। তিনি বলেন, “যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং ঠিকমতো পরিচর্যা করা যায়, তাহলে পেয়াজের বীজ চাষ থেকে ভালো লাভ করা সম্ভব।”

দুর্গাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজের বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। সঠিক প্রযুক্তি ও পরিচর্যার মাধ্যমে কৃষকরা এ চাষ থেকে ভালো ফলন পেতে পারেন।

স্থানীয়রা জানান, তরুণ বয়সে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করে নতুন উদ্যোগ নেওয়ায় সোহাগ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছেন। অনেক তরুণ এখন তার ক্ষেত দেখতে আসছেন এবং এ ধরনের চাষে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয়দের মতে, তরুণদের কর্মসংস্থানে কৃষিভিত্তিক এমন উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন