পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিথী আক্তার তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে তার চাচা তাকে শারীরিকভাবে আঘাত করেন। এতে তার হাত ভেঙে যায় বলে দাবি করেছেন বিথী ও তার পরিবার।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিকভাবে আহত হওয়া সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় তিনি শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।
অভিযুক্ত চাচার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




