‎কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রলিচাপায় আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুর রহমান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে আব্দুর রহমান বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিসহ চালককে আটক করেন। খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

‎চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।