নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬‘ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, দিবসের স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক দলসমূহের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং বীর সংগ্রামীদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মৃতিচারণ করেন। তারা বলেন, স্বৈরাচার ও বৈষম্যবিরোধী এই আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। শহিদদের আত্মত্যাগ ও যোদ্ধাদের অবদানকে জাতীয় জীবনে চিরস্মরণীয় করে রাখার তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেট ও মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।
প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার এবং উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্য এবং আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের হাতে বিশেষ সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।