টেংরাখোলা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের নতুন উপ-শাখা উদ্বোধন, বাড়বে আধুনিক ব্যাংকিং সেবা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর টেংরাখোলা বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর নতুন উপ-শাখা। এর ফলে এলাকার ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় টেংরাখোলা বাজার সংলগ্ন নতুন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংক গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংক মুকসুদপুর উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো. শাহিন তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো. এনামুল হাসান, ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন, মুকসুদপুর প্রেসক্লাব-এর সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনরা।
প্রধান অতিথির বক্তব্যে এ এস এম মনিরুল হাসান বলেন, “গ্রাহকদের দোরগোড়ায় নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা ব্যাংক কাজ করে যাচ্ছে। টেংরাখোলা বাজারে নতুন এই উপ-শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন আরও সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন