টেকনাফে মানবপাচার চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

টেকনাফ এলাকায় মানবপাচার চক্রের বন্দীদশা থেকে নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের একটি বসতবাড়িতে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ও লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দক্ষিণ লম্বরী এলাকায় একটি বাড়িতে কয়েকজন নারী ও শিশুকে আটক করে রাখার খবর পাওয়া যায়। এর ভিত্তিতে ৩০ মার্চ বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের উন্নত জীবনযাপন এবং উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নেওয়ার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন