রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্টীলের তৈরি চাপাতিসহ এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন আরকে রোড টেক্সটাইল মোড়স্থ ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেডের সামনে গাড়ি পার্কিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সুমন আহমেদ শুভ @ কালা পাখি (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৩০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি স্টীলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাপাতিটির মোট দৈর্ঘ্য ১৪.৫ ইঞ্চি এবং বাট ছাড়া ব্লেডের দৈর্ঘ্য ৯ ইঞ্চি।
গ্রেফতারকৃত আসামী রংপুর মহানগরের কোতোয়ালী থানাধীন ধাপ কটকিপাড়া এলাকার মৃত শাহীন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় বলেন, মাদক ও সন্ত্রাস দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল পুলিশ সদস্যকে গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি, জনগণের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নির্মূলে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। আইন সবার জন্য সমান এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



