নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও তা উদ্ধার করে পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় পানিবন্দি মানুষের দুর্ভোগ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পরে তিনি তারাব পৌরসভার যাত্রামুড়া ও রূপসী সুইসগেট এলাকা পরিদর্শন করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, রূপগঞ্জের প্রায় ৫ লাখ মানুষ জলাবদ্ধতায় ভুগছে। মাত্র কয়েকজনের দখলে খালের জমি থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে খাল উদ্ধার করতে যা যা প্রয়োজন, তা করা হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে স্থানীয়দের সঙ্গে নিয়ে খাল উদ্ধারের কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাচির উদ্দিন বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।