বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি ভিজিএফ (Vulnerable Group Feeding) কর্মসূচির আওতায় দুস্থ, অসহায় ও গরিব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
দূর্গাহাটা ইউনিয়নের প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম বৃহস্পতিবার সকাল থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর ইউনিয়নে মোট ২ হাজার ৬২৯টি কার্ডধারী পরিবারের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হচ্ছে।”
বিতরণকালে প্রত্যেক উপকারভোগীকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়। ট্যাগ অফিসার আব্দুস সবুর অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, “সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলার মধ্যে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হচ্ছে না।”
এছাড়া ৯ নং ওয়ার্ডের জনাব মোঃ আকুল ইসলাম সার্বিক দায়িত্ব পালন করেন। তিনি বলেন, “এবার প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে রং চাল দেওয়া হচ্ছে, যাতে রমজান মাসে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ রফিকুল ইসলাম, মোঃ সুজন আল(মামুন)সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দূর্গাহাটা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার কারণে চাল বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সহযোগিতায় লাইনে দাঁড়ানো উপকারভোগীদের মধ্যে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
এই কর্মসূচির মাধ্যমে সরকারের মানবিক সহায়তা দুস্থ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।




