বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভাগ্য খুলে গেল পিরোজপুরের এক জেলের। জালে ধরা পড়েছে ৫০টি মূল্যবান লাক্ষা মাছ, যা বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।
সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে এক পাইকারি ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করা হয়। স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের জেলে দুলার ফকির তার ট্রলার নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে জাল ফেলতেই ধরা পড়ে বিপুল পরিমাণ লাক্ষা মাছ।
ধরা পড়া মাছগুলোর প্রতিটির ওজন ছিল প্রায় ১০ থেকে ২২ কেজির মধ্যে। বিরল ও দামী এই মাছ পাওয়ার পর জেলেরা দ্রুত তীরে ফিরে এসে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে মাছগুলো নিয়ে আসেন।
খবর পেয়ে এক পাইকারি মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে এসে পুরো মাছের চালান ১০ লাখ টাকায় কিনে নেন। পরে মাছগুলো চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান, লাক্ষা মাছ খুবই মূল্যবান হওয়ায় এ ধরনের বড় শিকার খুব কমই ঘটে। এ ঘটনায় জেলে দুলার ফকির ও তার সহকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে।




