ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের নালার মোড় এলাকায় পেঁয়াজের বাজার দর কমে যাওয়ায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ মাত্র ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কয়েক মাসের পরিশ্রম, সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ বহন করে পেঁয়াজ উৎপাদন করলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে অনেক কৃষক ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
নালার মোড় এলাকার কৃষক আব্দুল কাদের বলেন, “এবার পেঁয়াজ চাষে অনেক খরচ হয়েছে। কিন্তু এখন বাজারে দাম খুব কম। প্রতি মণ ১১৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না।”
আরেক কৃষক জানান, বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন। তারা সরকারিভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। তবে কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় রেখে সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণ ও সংরক্ষণের ব্যবস্থা করা হলে তারা কিছুটা স্বস্তি পেতেন।
এদিকে কৃষকদের এমন দুরবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।




