বন্যার শঙ্কায় হাওরে স্বস্তির খবর: কৃষকের ধান কাটতে মাঠে নেমেছে ভিডিপি সদস্যরা

সুনামগঞ্জের হাওরাঞ্চলে এখন সময়ের বিরুদ্ধে লড়ছেন কৃষকরা। একদিকে আগাম বন্যার পূর্বাভাস, অন্যদিকে শ্রমিক সংকট ও জমিতে পানি জমে থাকায় ধান কাটার কাজে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এমন সংকটময় সময়ে কৃষকের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা।

স্বেচ্ছাশ্রমে তারা মাঠে নেমে দরিদ্র ও অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছেন। প্রচণ্ড রোদ, কাদা কিংবা ক্লান্তিকে উপেক্ষা করে দিনভর কাজ করছেন এসব সদস্যরা। তাদের এই উদ্যোগে কৃষকের মুখে ফিরেছে স্বস্তির হাসি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ ইতোমধ্যে ৮০ শতাংশ পাকা ধান দ্রুত ঘরে তোলার নির্দেশনা দিয়েছে। ফলে সময়ের এই সংকটে ভিডিপি সদস্যদের মাঠে নামা কৃষকদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে।

শনিবার (২৬ এপ্রিল) জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে মোট ২৬ বিঘা জমির পাকা ধান কেটে দেওয়া হয়। এতে উপকৃত হয়েছেন বহু কৃষক পরিবার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মাঠে নামানো হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পেরে তারা দুশ্চিন্তায় ছিলেন। হঠাৎ করে ভিডিপি সদস্যরা পাশে দাঁড়ানোয় তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সুনামগঞ্জের হাওরে আজ প্রমাণ হয়েছে—মানুষ মানুষের জন্য, আর বিপদের দিনে সত্যিকারের বন্ধু হয়ে ওঠে মানবিক হাতগুলোই।

 

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন