বরগুনা সরকারি জিলা স্কুলে শিক্ষিকা লাঞ্ছিত: এলাকায় তীব্র ক্ষোভ

বরগুনা সরকারি জিলা স্কুলে এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে এক জুনিয়র সহকারী শিক্ষিকাকে জনসম্মুখে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষাঙ্গনে নৈতিকতার অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটের দিকে স্কুল প্রাঙ্গণে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ওই সিনিয়র শিক্ষক ও জুনিয়র শিক্ষিকার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিনিয়র শিক্ষক অপমানজনক আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমন আচরণ শিক্ষকদের মতো দায়িত্বশীল পেশার সঙ্গে একেবারেই অসঙ্গত। ঘটনাটি দেখে অনেকেই হতবাক হন এবং তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটি তদন্তের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে, শিক্ষিকা লাঞ্ছনার ঘটনায় স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন