বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০০ টাকা বকশিশ না পেয়ে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। স্বজনদের দাবি, অক্সিজেন বন্ধ হওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই মৃত্যু হয় দিপালী সিকদার (৪০) নামের ওই নারীর।
বুধবার বিকেলে হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। নিহত দিপালী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের শংকর শিকদারের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুরে দিপালীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত মেডিসিন বিভাগে স্থানান্তর করে টানা দুই ঘণ্টা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শয্যা সংকটের কারণে তাকে ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় অভিযুক্ত কর্মচারী ২০০ টাকা বকশিশ দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে তিনি অক্সিজেন মাস্ক খুলে নেন। এরপর অল্প সময়ের মধ্যেই রোগীর মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতালজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বজনদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।




