পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী কৃষক আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এবং এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালন করে তিনি জীবিকা নির্বাহ করছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা তার গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু না দেখে তিনি হতবাক হয়ে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে গরুগুলো পালন করেছি। সব গরু চুরি হয়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো রাতের দিকে তিনি ছাগলছানাকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠেছিলেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। সে সময় একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান। গাড়িটি তাদের বাড়ির পাশ দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। তবে তখন তিনি বিষয়টি গুরুত্ব দেননি। পরে সকালে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। ঘর চুরি, হাঁস-মুরগি, গরু-ছাগল চুরিসহ নানা অপরাধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোরকে শনাক্ত বা আটক করা যায়নি বলে দাবি তাদের।
এ বিষয়ে বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




