বৃহস্পতিবার,২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউফলে ছাত্রশিবিরের সাবেক সভাপতির নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাওন খান (৩২) বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মো. নোমান দাসপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন খানের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী নোমানের বাবা মো. মজিবরের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল।
ভুক্তভোগীর অভিযোগ, বুধবার ৫ তারিখ বিকেল ৫টার দিকে নোমান ও তার সহযোগীরা শাওন খানের বাড়িতে গিয়ে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যায়। তবে সে সময় শাওন বাড়িতে উপস্থিত ছিলেন না।
পরে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কালাইয়া ১ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় শাওন খানকে একা পেয়ে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত শাওন খান বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় রাতেই মো. নোমান, তার ছোট ভাই নাজমুল এবং বাবা মো. মজিবরকে অভিযুক্ত করে বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী শাওন খানের দাবি, হামলায় ছাত্রশিবিরের সাবেক নেতা নোমান নেতৃত্ব দিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন