সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা রাজাই গ্রামে গতরাতে এক হতদরিদ্র ব্যক্তিকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ১৬ মে দিবাগত রাতে রাজাই গ্রামের স্থানীয় বাসিন্দা আঙ্গুর মিয়ার বাড়ির কাছে ভারতীয় অবৈধ মালামাল বিজিবি জব্দ করে। তারই জেরে চোরা কারবারিরা নৃশংস ভাবে এই হত্যা কান্ড ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
নিহত আঙ্গুর মিয়া উপজেলার রাজাই গ্রামের মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোরাকারবারি চক্র তাকে বিজিবির তথ্যদাতা বা সোর্স সন্দেহ করেই পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং গত কয়েকদিন ধরে আঙ্গুর মিয়া কে বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছিল । পরে তাকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের পরিবারের দাবি , আঙ্গুর মিয়া অত্যন্ত দরিদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।




