কোন অবস্থাতেই কোন দুষ্কৃতিকারী বা টাকা লুঠকারী যারা টাকা লুঠ করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদেরকে কোন অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিচারের আওতার বাহিরে থাকবে এই ভাবনা যারা করে এই সমস্ত গুজব যারা ছড়ায় তারা সত্যিকার অর্থে দেশের বিপক্ষে কাজ করছে।
আমি মনে করি, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই এই খাতে সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যাংকিং কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা রাজনীতিকরণ থাকা উচিত নয়। জনগণের আস্থা ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সঠিক পথেই কাজ করে যাচ্ছে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি, অনিয়ম বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ বিষয়ক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা গুলো বলেন, সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসন।
তিনি আরও বলেন বাংলাদেশের অতীত ইতিহাস দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথম ব্যাংকিং খাতে আপনার শৃঙ্খলা এসেছিল।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় যখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন তখন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ছিল। যখনই অন্য একটি দল ক্ষমতাশীল হয়েছে তখনই শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংক লুট হয়েছে, ব্যাংক ফোকলা হয়েছে, ব্যাংক খালি হয়ে গেছে এবং এখন সেই দায় টানতে হচ্ছে সরকারকে।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজ অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো.আলাউদ্দিন আল আজাদ, হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ,ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। এছাড়াও অনুষ্ঠান উপজেলা ও পৌর বিএনপির তাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫টি স্টলের মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী প্রতিষ্ঠান গুলোর শিক্ষক শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
একই দিন মন্ত্রী জাহিদ হোসেন উপজেলা কৃষি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ৩ হাজার কৃষকদের মাঝে রোপা আমনের বীজ, সার ও ৫ জনকে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত সুফল-ভোগীদের মাঝে বকনা গরুর খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন ও সিংড়া ইউনিয়নের রামেশ্বপুর মৌজা থেকে রামেশ্বপুর দক্ষিণ পাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন।




