মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোটের বাক্সে হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি: আব্দুল্লাহ আল ফারুক

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য—এ মন্তব্য করে চকরিয়া-পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত ও দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে কেউ ভোটের বাক্সে হাত দিলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি এ সময় ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও ঐক্যের আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদে আসর চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক এবং ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মাওলানা আব্দুল মান্নান।
ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি ছিল ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ বাহাদুর, সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, শহীদ মহিউদ্দিন মাসুমের পিতা মোহাম্মদ ফজলুল কাদের এবং শহীদ আহসান হাবীব হাসানের পিতা হেলাল উদ্দিনের।
পথসভায় বক্তারা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন