ভোলায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের অভিযান, কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা।
বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে গত মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলা সদর থানার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন