ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রংতুলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় কড়ই গাছে ধাক্কা খেয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে যায়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের কড়ই গাছে ধাক্কা লেগে রাস্তার ওপর আড়াআড়িভাবে অবস্থান নেয়। দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী থাকলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত বা আহত হননি।
তবে দুর্ঘটনার পর থেকেই মহাসড়কে যান চলাচল ব্যাহত রয়েছে। বাসটি সড়কের ওপর আটকে থাকায় সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, টানা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে বাসটির গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের মতে, বিরূপ আবহাওয়ায় যানবাহন চালানোর ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।
খবর পেয়ে স্থানীয়রা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
দুর্ঘটনাকবলিত রংতুলি পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৪২০৯।