সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে চলমান ধান কাটা ও ধান শুকানোর সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক।
পরিদর্শনকালে তিনি হাওরের বিভিন্ন স্থানে কৃষকদের ধান শুকানোর কার্যক্রম ঘুরে দেখেন এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় দ্রুত ধান ঘরে তোলার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিস আচার্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,সাংবাদিক রোকন উদ্দিন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মাটিয়ান হাওরের স্থানীয় কৃষকরা জানান,চলতি মৌসুমে হাওরের অধিকাংশ ধান কাটা শেষ হয়েছে এবং বর্তমানে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান শুকানোর কাজে। তবে এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলের অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ধান ঘরে তুলতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে, কোনোভাবে ধান ঘরে তুলতে পারলেও গবাদিপশুর খাদ্য, বিশেষ করে খড় ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে আগামী দিনগুলোতে এলাকায় গরুর খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।কৃষকরা যেন তাদের গবাদিপশু নিয়ে সংকটে না পড়েন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও গরুর খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হলে কৃষকরা অনেকটা স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধান শুকানো শেষে যত দ্রুত সম্ভব নিরাপদে ঘরে তুলে রাখতে হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষয়ক্ষতির শিকার না হতে হয়। তিনি আরও বলেন, চলতি মৌসুমে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়।




