মান্দায় ২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (০২ মে ২০২৬) রাত প্রায় ৯টা ২৫ মিনিটে মান্দা থানার এসআই (নিরস্ত্র) জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ১নং ভারশো ইউনিয়নের কবুলপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি কালো হাতব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রী জিতেন্দ্রনাথ ঋষি ওরফে জিতেন (৫০) এবং শ্রী নিরঞ্জন ঋষি (২২)। তারা উভয়েই মান্দা উপজেলার শ্রীরামপুর (ঋষিপাড়া) এলাকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি Yamaha FZS ভার্সন-৩ মোটরসাইকেল এবং ব্যবহৃত একটি কালো হাতব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় গৌড় চন্দ্র (৫১) নামের এক পলাতক ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, “মাদক নির্মূলে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন