মেহেন্দিগঞ্জে ক্যাশলেস লেনদেন কার্যক্রম জোরদার করতে পূবালী ব্যাংক পিএলসির মেহেন্দিগঞ্জ শাখার উদ্যোগে উলানিয়া বাজারে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “লেনদেন হোক ক্যাশলেস, এগিয়ে যাক বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কার্যক্রমে গ্রাহকদের ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, মোবাইল অ্যাপ রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক সেবা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মেহেন্দিগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ লুৎফুল কবির। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এবং এটি দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।
এছাড়া বক্তব্য দেন বিকল্প উন্নয়ন কর্মসূচির চেয়ারম্যান কাজী সামসুল আলম এবং উলানিয়া বাজার সমিতির সভাপতি জাকির চৌধুরী। তারা ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এই আধুনিক সেবার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




