জ্বালানি ব্যবস্থা কার্যক্রম তদারিক ও সমন্বয়ের লক্ষে রাজবাড়ীর ৫ উপজেলার ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) গুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে এ তথ্য জানানো হয়েছে।
রাজবাড়ীর ৫ উপজেলায় ১০টি পেট্রোল পাম্প থাকলেও সারাদেশের মত তেল সংকটে ভুগছেন বাইকারসহ অন্যান্য যানবানের চালকরা।
অপরদিকে পাম্পে তেল আসার খবরে প্রতিনিয়তই স্টেশন গুলোতে তৈরি হচ্ছে বাইকারদের লম্বা সিরিয়াল। সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। ফলে অব্যবস্থাপনার কারণে জনমনে পেট্রোল পাম্পকর্মী ও প্রশাসনের প্রতি তৈরি হচ্ছে ক্ষোভ।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানাগেছে, রাজবাড়ী সদরের রাজবাড়ী ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক, কাজী ফিলিং স্টেশনে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান তদন্তকারী মোঃ কামাল হোসেন, পলাশ ফিলিং স্টেশনে উপজেলা সমবায় অফিসার অসীস কুমার নাগ, সপ্তবর্ণা ফিলিং স্টেশনে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, করিম ফিলিং স্টেশনে উপজেলা প্রকল্প কর্মকর্তা এস এম সেলিম রেজা। পাংশার পাংশা ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সুগন্ধা ফিলিং স্টেশনে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হযরত আলী খান, বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ আবু আলী ফারমুদা, কালুখালীর শেখ ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রিপন চন্দ্র শীল ও গোয়ালন্দের করিম ফিলিং স্টেশনে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী পোগ্রামার মোঃ নিজাম উদ্দিন।




