সারী নদীতে অবৈধ বালু উত্তোলন: বিলীন হচ্ছে বসতভিটা ও কৃষিজমি, তীব্র নদী ভাঙ্গনের আশঙ্কা, পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বুক চিরে বয়ে চলা সারী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালী সিন্ডিকেটের ড্রেজার ও ইঞ্জিনচালিত নৌকার দাপটে আজ বিলীন হতে বসেছে স্থানীয়দের বসতভিটা ও কৃষিজমি।

জৈন্তাপুর উপজেলার আগফৌ (পাঁচসেউতি-খেয়াঘাট), হাটিরগ্রাম, বিড়াখাই ও গাতিগ্রাম এবং গোয়াইনঘাট উপজেলার সীমার বাজার, আনন্দ বাজার, বুদিগাঁও, তিতকুলি ও সাংকিভাঙ্গা এলাকায় নির্বিচারে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে অনেকের বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে শত শত একর আবাদি জমি ধ্বংসের মুখে পড়েছে। হুমকির মুখে রয়েছে স্থানীয় রাস্তাঘাট, বাজার ও বিভিন্ন স্থাপনা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কঠোর অভিযানের আশ্বাস দিলেও এলাকাবাসীর দাবি—সাময়িক অভিযান নয়, স্থায়ী তদারকি ও নিয়মিত অভিযানের মাধ্যমে বালুখেকো চক্রকে সমূলে নির্মূল করতে হবে।

এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন