সিলেটে চোরাচালানের মালামাল ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতা মনিজুল গ্রেফতার

সিলেটে চোরাচালানের অভিযোগে সিলেট মহানগর যুবদলের নেতা মনিজুল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর মজুমদারি এলাকায় চোরাচালানের মালামাল ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এসআই আজিজসহ দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আক্রান্ত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

 

এরই প্রেক্ষিতে রোববার দিবাগত মধ্যরাতে এয়ারপোর্ট থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে নগরীর আম্বরখানা এলাকা থেকে মনিজুল আহমদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় চোরাচালান সংক্রান্ত মামলা নং জিআর-১৪৫ দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সহিদুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও অপরাধ দমনে জোরালো অভিযান পরিচালনা করে আসছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

এদিকে, গ্রেফতারকৃত মনিজুল আহমদকে ছাড়িয়ে নিতে বিএনপির একটি পক্ষ আম্বরখানা পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

 

 

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা মামলার কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে পুলিশ জানিয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন