রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা ও প্রটোকলের দায়িত্বে থাকা সিএসএফ (Chairperson’s Security Force)-এর ভুয়া আইডি কার্ড, একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, চার্জারসহ একটি ওয়াকিটকি হ্যান্ডসেট, সিগন্যাল লাইট, একটি মনিটরিং সেল কার্ড এবং একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রিয়াদ তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন এবং প্রতারণা চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার রিয়াদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। পটিয়া থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




