দেশের হতদরিদ্র মানুষের কল্যাণ ও সেবার লক্ষ্যেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। প্রকৃত সুবিধাভোগীরা যাতে তাদের ন্যায্য অধিকার পান, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঢাকার বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর পরপরই বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্থানীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
মন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারি যেকোনো কার্যক্রমে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রকৃত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার আওতায় আনার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
দীপেন দেওয়ান বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের বিশেষ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে নারীদের হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভূমিহীন পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে সম্প্রদায় এবং প্রান্তিক কৃষকদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
পার্বত্যমন্ত্রী জানান, এ প্রকল্পের আওতায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৭টি পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডধারী প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




