চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াইজর পাড়ায় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘ফুটন্ত ফুল’ ওয়াইজর পাড়া শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার লক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, ত্যাগ এবং সহমর্মিতার শিক্ষা দেয়। নিজেদের আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো রমজানের প্রকৃত লক্ষ্য। বক্তারা তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট জসীম উদ্দিন মাহমুদ। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জননেতা শাহেদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাহাঙ্গীর আলম, এম. ইউসুফ কবির, এম. শাহাজাহান এবং হাফেজ মহিউদ্দিনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে শরিক হন। সংগঠনের সদস্যরা এই মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।




