চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অনলাইন গেমে আসক্ত এক যুবকের বিরুদ্ধে নিজের মা ও বোনকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত জাবেদ দীর্ঘদিন ধরে মোবাইল গেম Free Fire-এ আসক্ত হয়ে পরিবারের ওপর অর্থের জন্য চাপ সৃষ্টি করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, গত বুধবার বিকেলে ইন্টারনেটের টাকা নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে জাবেদ সহিংস হয়ে ওঠে। এ সময় সে ঘরের ভেতরে তাণ্ডব চালানোর চেষ্টা করে এবং বাধা দিতে গেলে তার বিধবা মা মরিয়ম বেগম ও বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্যাতিত মা মরিয়ম বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর অভাবের মধ্যেই সংসার চালিয়ে আসছিলেন তিনি। কিন্তু একমাত্র ছেলের এমন আচরণে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “প্রতিদিন গেম খেলার জন্য প্রায় এক হাজার টাকা দাবি করত। টাকা না দিলেই আমাদের ওপর নির্যাতন চালাত।”
স্থানীয় বাসিন্দারা জানান, জাবেদ দীর্ঘদিন ধরে গেমের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তাকে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন গেমে অতিরিক্ত আসক্তি এখন একটি গুরুতর সামাজিক ও মানসিক সমস্যায় পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তির আচরণেই নয়, পারিবারিক সম্পর্কেও মারাত্মক প্রভাব ফেলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোকে সন্তানের মোবাইল ব্যবহারের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।




