
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মায়াবী সিনেমা হল মোড়ে জড়ো হন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। উপস্থিত ছিলেন, আবুল ফারুক বকুল, হাজি জালাল উদ্দিন, মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন সোহাগ, সহিদুল ইসলাম, হুমায়ুন কবির জীবন প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। সেটা করে যাচ্ছে বিএনপি। কিন্তু বিরোধী দল সংসদে ও এর বাইরে বিভ্রান্তিকর কথা বলছে।’
প্রধান অতিথি নাছির উদ্দিন হাজারি বলেন, ‘সাত মাসে তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে যে অবস্থায় নিয়ে গেছে সেটা প্রশংসা পেয়েছে। অথচ বিরোধীদল অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
এদিকে মিছিল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধেও শ্লোাগান দেওয়া হয়। ‘শেখ শেখ করিস নারে, শেখের বেটি আসবে নারে’ মুখরিত ছিলো এলাকা।
