![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৬:১৬ এ.এম
আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ৭৩ বছরের বিশ্বমিত্র ত্রিপুরা, ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, খাদ্যশস্য, নগদ অর্থ, সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও স্বর্ণ-রূপার অলংকার পুড়ে গিয়ে নিঃস্ব হয়েছেন ৭৩ বছর বয়সী বিশ্বমিত্র ত্রিপুরা।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে রান্নাঘরের দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন টংঘরটিতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচিয়ে বাইরে বের হতে সক্ষম হলেও ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পরিবারের তথ্যমতে, আগুনে তাদের দুই কক্ষবিশিষ্ট টংঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি সারা বছরের খাদ্য হিসেবে মজুত রাখা প্রায় ২০০ হাড়ি ধানও আগুনে পুড়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ছাড়া ঘরে সংরক্ষিত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ, সরকারি সহায়তায় পাওয়া ১০০ ও ২০ ওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল এবং সংশ্লিষ্ট সরঞ্জামও আগুনে নষ্ট হয়ে যায়। এতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রায় ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার জানিয়েছে।
অগ্নিকাণ্ডে পরিবারের ব্যবহৃত প্রায় এক তোলা স্বর্ণালংকার এবং চার তোলা রূপার গহনাও পুড়ে যায়। এসবের আনুমানিক মূল্য যথাক্রমে ১০ হাজার ও ৪০ হাজার টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
পরিবারের হিসাব অনুযায়ী, এ ঘটনায় মোট প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এক রাতের আগুনে মাথা গোঁজার একমাত্র আশ্রয় ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বিশ্বমিত্র ত্রিপুরা। স্থানীয় বাসিন্দারা তার পরিবারকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা কামনা করেছেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, রান্নাঘর থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদন্তের তথ্য এখনো জানা যায়নি।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.