প্রেমের ইতি ঘটলেও মনের কোণে রয়ে যায় নানা স্মৃতি, না বলা কথা আর জমে থাকা অভিমান। একসময় যে মানুষটি ছিল জীবনের সবচেয়ে আপন, সময়ের ব্যবধানে সেই মানুষটিই কখনো হয়ে উঠতে পারে কষ্টের স্মৃতি।
দিবসটির মূল উদ্দেশ্য হলো, অতীতের সম্পর্ক ঘিরে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। তবে প্রাক্তনকে ক্ষমা করার অর্থ আবার সম্পর্কে ফিরে যাওয়া নয়। বরং নিজের মানসিক শান্তির জন্য অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।
কবে শুরু হয়েছিল দিবসটি?
বিভিন্ন অনলাইন সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’ পালনের প্রচলন শুরু হয়। তবে দিবসটির প্রতিষ্ঠাতা, সূচনাস্থল কিংবা ১৭ অক্টোবর তারিখটি বেছে নেওয়ার কারণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। এটি জাতিসংঘের স্বীকৃত কোনো আন্তর্জাতিক দিবসও নয়।
প্রাক্তনকে ক্ষমা করা মানেই কি ফিরে যাওয়া?
একটি সম্পর্ক ভাঙতে পারে বিশ্বাসভঙ্গ, ভুল বোঝাবুঝি কিংবা মতের অমিলের কারণে। পুরোনো ক্ষোভ অনেক সময় নতুন সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তাই অতীতের অভিজ্ঞতা মেনে নিয়ে মানসিক শান্তির দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
কাউকে ক্ষমা করলেও তার কাছ থেকে দূরে থাকা সম্ভব। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ করা, দেখা করা কিংবা বার্তা পাঠানোও বাধ্যতামূলক নয়। বিশেষ করে নির্যাতন বা অসম্মানজনক আচরণের অভিজ্ঞতা থাকলে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
প্রাক্তনকে ক্ষমা করার দিন মনে করিয়ে দেয়, সম্পর্ক শেষ হওয়া মানেই জীবনের সম্ভাবনা শেষ নয়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে নতুন শুরুর প্রথম পদক্ষেপ।