![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৫:৩৭ এ.এম
আজ বিশ্ব বিজ্ঞান দিবস: শান্তি ও উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরার আহ্বান
আজ ১০ নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজন ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব বিজ্ঞান দিবস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট (World Science Day for Peace and Development)।
বিজ্ঞানকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা, বৈজ্ঞানিক অগ্রগতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শান্তি ও টেকসই উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো ২০০১ সালে দিবসটি ঘোষণা করে। ২০০২ সাল থেকে প্রতিবছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
এ বছর ২০২৬ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ (Common Ground Through Science Diplomacy)। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক সংলাপ এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
বর্তমান বিশ্বে চিকিৎসা, কৃষি, শিক্ষা, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও পরিবেশ সুরক্ষাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অপরিসীম। জলবায়ু পরিবর্তন, রোগব্যাধি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানচর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল যেন সমাজের সব শ্রেণির মানুষ পায়, তা নিশ্চিত করাও জরুরি।
বিশ্ব বিজ্ঞান দিবসের এই আয়োজন বিজ্ঞানের ইতিবাচক ব্যবহার, নতুন উদ্ভাবন এবং শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার প্রত্যয়কে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা সবার।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.