সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার নিহত প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ (১১ আগস্ট) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হান্নান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, সৌদি আরবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের উপজেলার প্রবাসী ভাইদের অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ প্রতিটি পরিবারকে জরুরি নগদ সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হলো। আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ নিজ নিজ স্বজনদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার তাঁর বক্তব্যে শোক প্রকাশ করে বলেন, “আমাদের এলাকার এই রেমিটেন্স যোদ্ধাদের নির্মম মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁদের পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার করছি। কোনো প্রকার বিলম্ব না করে সরকারি খরচে দ্রুত প্রবাসীদের মরদেহ দেশে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট বলেন, “নিহত এই প্রবাসীরা কঠোর পরিশ্রম করে নিজ পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতেন। আজ তাঁদের পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। আমরা আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন তাঁদের লাশ দেশে ফিরিয়ে আনার সাথে সাথে পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের আওতায় আনা হয়।
অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত নিহত প্রবাসীদের স্বজন ও পরিবারের সদস্যরা নিজেদের আবেগঘন বক্তব্য ও নানা কষ্টের কথা তুলে ধরেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের অঝোর কান্নায় সভাকক্ষের পরিবেশ অত্যন্ত ভারী হয়ে ওঠে। নিহতের স্বজনেরা কান্নাজড়িত কণ্ঠে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন ও সাহায্য কামনা করেন।




