আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টিতে সড়কের কয়েকটি অংশের সাব-বেইজ ধসে যাওয়ার পর সেখানে বালুর পরিবর্তে মাটি দিয়ে ভরাট করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮ হাজার ২৭৬ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। স্থানীয়ভাবে সাজু ও মকলেছুর নামের দুই ব্যক্তি সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে নির্মাণকাজ চলছে। কয়েকটি স্থানে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া অতিবৃষ্টিতে সড়কের সাব-বেইজের কিছু অংশ ধসে যাওয়ার পর সেখানে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা  বলেন,
কাজ শুরুর পর থেকেই নির্মাণসামগ্রীর মান নিয়ে তাঁরা আপত্তি জানিয়ে আসছেন। ঠিকাদারের লোকজনকে বিষয়টি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সাজু। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে সড়কের সাব-বেইজের কয়েকটি অংশ ধসে গেছে। সেগুলো সংস্কারের কাজ চলছে। নির্মাণকাজে কোনো অনিয়ম করা হয়নি।
এ বিষয়ে  আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিশিত কুমার বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কার্যালয়ের লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও নির্দেশ অমান্য করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ খ্যাত ইয়াজকে চান তৃণমূলের কর্মী-সমর্থকরা

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে নানা