
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আমের বাজারকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমের হাটের শুভ উদ্বোধন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় পাকুড়িয়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমের মৌসুমকে ঘিরে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, “বাঘার আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সানোয়ার হোসেন, ভ্যালু চেইন প্রমোশনাল বডির কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বাঘার সুস্বাদু ও রসালো আম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আমের হাট কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমের হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। আয়োজনে ছিল পল্লী বিদ্যুৎ মোড় বাজার পরিচালনা কমিটি।




